Logo

ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষতি হয়নি: জাতিসংঘ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই গতকাল শনিবার ভোরে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ।

রোববার (২৭ অক্টোবর) বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ইরানের সামরিক স্থাপনায় মারাত্মক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এতে ইরানের পারমাণবিক কর্মসূচি প্রভাবিত হয়নি বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক শক্তি পর্যবেক্ষণ সংস্থা।

এ বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসিও একই কথা বলেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রভাব পড়েনি। আইএইএ’র পরিদর্শকেরা নিরাপদে তাদের গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যাচ্ছেন।

এছাড়াও এক্সে দেওয়া ওই পোস্টে তিনি পরমাণু এবং অন্যান্য তেজস্ক্রিয় পদার্থের সুরক্ষা এবং নিরাপত্তাকে বিপন্ন করতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকারও আহ্বান জানান।

এর আগে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানায়, তারা ইরানের সামরিক স্থাপনায় সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। কয়েক মাস ধরে ইরানের ধারাবাহিক হামলার জবাবেই এই হামলা চালানো হয়েছে এবং হামলা শেষে বিমানগুলো নিরাপদে দেশে ফিরেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬