জলাবদ্ধতা নিরসন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অবৈধ ফুটপাত দখলমুক্ত এবং বৃহত্তর মিরপুরের বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনসহ ৫ দফা দাবিতে আমার বাংলাদেশ (এবি) পার্টি ঢাকা মহানগর উত্তর মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শুক্রবার (১১ অক্টবার, ২০২৪) বিকেলে মিরপুর ১০ নং গোল চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল। মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন। আরো বক্তব্য রাখেন এবি যুব পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, মহানগর উত্তর এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল, নজরুল ইসলাম, গাজী সাবের, সহকারী সদস্য সচিব হাসান মাহমুদ শাহীন, সদস্য মাহবুব শামীম, বোরহান আহমেদ, আবুল হোসেন সরকার, যুব নেতা নাসির উদ্দিন গালিব, আফরোজ জাহান পিংক, ইসরাত জাহান, এবি পার্টির ওমর ফারুক, সাইফুল ইসলাম ও ছাত্রনেতা রাফসান।
মানববন্ধন থেকে সুশৃঙ্খল মিরপুর প্রতিষ্ঠার লক্ষ্যে ৫ দফা দাবি জানান বক্তারা।
১. গন অভ্যুত্থানে শহীদদের তালিকা প্রকাশ:
২০২৪ এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মিরপুর এলাকায় নিহত সকল শহীদদের চূড়ান্ত তালিকা দ্রুত প্রকাশ করুন। শহীদদের পরিবারকে রাষ্ট্রীয় স্থায়ী সহায়তা প্রদান করতে হবে। অবিলম্বে শহীদদের স্মরণে মিরপুর ১০ গোলচত্বরে শহীদ স্মৃতিস্তম্ভ তৈরি করুন।
২. জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যা নিরসন:
একনাগাড়ে ঘন্টাখানেক মুষলধারে বৃষ্টি হলেই মিরপুর এলাকা পানিতে ডুবে যায়। ড্রেনেজ সমস্যার কারণে বৃষ্টির পানি দ্রুত নিঃসরণ হতে না পারায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ সমস্যা নিরসনে এখন পর্যন্ত সুদূরপ্রসারী কোন পরিকল্পনা লক্ষ করা যাচ্ছে না। অবিলম্বে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন।
৩. আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ:
গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মিরপুর এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা বেড়ে গেছে, যা সাধারণ মানুষকে আতঙ্কিত করে তুলেছে। সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করুন, প্রতিটি থানায় আলাদা স্পেশাল হেল্পলাইন নাম্বার চালু করুন এবং ভোক্তভোগীর তড়িৎ সহায়তা নিশ্চিত করুন।
৪. গ্যাস এবং বিদ্যুৎ বিড়ম্বনা নিরসন:
মিরপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় বাসা-বাড়ীতে চুলায় গ্যাস সংকটের দীর্ঘ দিনের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। বাসা-বাড়ীতে রান্নার গ্যাস পাওয়া যায় না। দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ থাকেনা। কিন্তু মাস শেষে গ্যাস বিল ও বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় ঠিকই। গ্যাস ও বিদ্যুতের বিড়ম্বনা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।
৫. অবৈধ ফুটপাত দখল, গণপরিবহন সংকট ও যানজট নিরসন:
ফুটপাত দখলমুক্ত করে পথচারীর পথ পরিষ্কার রাখুন, হকারদের পুনর্বাসন করুন। যানবাহন নিয়ন্ত্রণ ও অবৈধ পার্কিং মুক্ত করে আধুনিক ট্রাফিক ব্যবস্থা চালু করুন।
অফিস টাইমে, শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসের সময়ে গণপরিবহনের সংকটে শিশু, নারী, বয়োবৃদ্ধ, অফিসগামী মানুষের কষ্টের শেষ নেই। আর পরিবহন খরচতো বেড়েই চলছে।
প্রায়ই তীব্র যানজটে নগর জীবন স্থবির হয়ে পড়ে। মানুষের হাজারো কর্মঘন্টা নষ্ট হচ্ছে যানজটে। এ অবস্থা কিছুতেই নিরসন করা যাচ্ছে না। অনেক সময় ২০ মিনিটের ভ্রমণ ৩ ঘন্টায়ও সমাপ্ত হয়না। উপরোল্লেখিত সমস্যাসমূহের দ্রুত সমাধান করুন।