Logo

শেয়ারবাজারে অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে: বিএসইসি চেয়ারম্যান

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে যারা অনিয়ম করেছে তাদের শাস্তি নিশ্চিত করা হবে। নিয়ন্ত্রক সংস্থার কেউ অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তাদেরও শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

তিনি বলেন, আমাদের এমন এক সিস্টেম তৈরি করতে হবে যেন কারসাজিকারীরা বাজারকে পূর্বের মতো পরিস্থিতিতে আবার ফেলতে না পারে। যা যা নিয়ে অভিযোগ আছে সবকয়টি বিষয় আমরা তদন্ত করে দেখবো।

রোববার (২৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির অডিটরিয়ামে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিম সভায় তিনি এসব কথা বলেন। এসময় বিএসইসি কমিশনার ড. এটিএম তারিকুজ্জামান এবং মো: মহসিন চৌধুরী উপস্থিত ছিলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, আমাদের প্রথম কাজ হলো মার্কেটে গভার্নেন্স ফিরিয়ে আনা। গত ১৪ বছর ধরে চলা অনিয়মে আমরা অনেক পিছিয়ে গেছি। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে ভালোই সময় লাগবে। তবে আমরা যদি ফোকাসড থাকি, সবাই একসাথে কাজ করি, তবে আশা করা যায় আমরা এ সমস্যা তাড়াতাড়ি কাটিয়ে উঠব।

খন্দকার রাশেদ বলেন, বাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে হলে বাজারের ট্রান্সপারেন্সি আরও বাড়াতে হবে। ঘোলা পানি বা ময়লা পানি দেখে কেউ আগ্রহ দেখায় না, কিন্ত পানি যখন স্বচ্ছ থাকে পরিষ্কার থাকে, তখন মানুষ সেই পানির প্রতি আগ্রহী হয়ে উঠে। ট্রান্সপারেন্সি বাড়লে বাজারে কারসাজি কারীরা আর কোন প্রভাব ফেলতে পারবে না।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬