Logo

মাশরুর রিয়াজকে স্বাগত জানাতে প্রস্তুত বিএসইসির কর্মকর্তারা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সদ্য নিয়োগ পাওয়া চেয়ারম্যান ড. এম. মাসরুর রিয়াজকে সাদরে গ্রহণ করতে কোন আপত্তি নেই বলে জানিয়েছে বিএসইসি’র অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সংগঠনের সভাপতি মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএসইসি’র অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে গত ১১ আগস্ট বিএসইসির চেয়ারম্যান পদত্যাগ করার পর ১৩ আগস্ট সরকার কর্তৃক ড. এম. মাসরুর রিয়াজকে নিয়োগ প্রদান করা হয়। ড. এম. মাসরুর রিয়াজকে নিয়োগ প্রদানের পর সোশ্যাল ও ইলেকট্রনিক মিডিয়ায় তাঁর সম্পর্কে বিভিন্ন নেতিবাচক সংবাদ ছড়িয়ে পড়ে। এসকল নেতিবাচক সংবাদের সুযোগ নিয়ে অভ্যন্তরীণ ষড়যন্ত্রকারী চক্র দ্বারা কমিশনের অধিকাংশ কর্মচারীগণ বিক্ষুব্ধ হয়ে উঠেন। পরবর্তীতে ১৩ আগস্ট ২০২৪ তারিখে কমিশনের অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের পূর্বনির্ধারিত মতবিনিময় সভায় উপস্থিত অধিকাংশ সাধারণ সদস্যগণের পক্ষ থেকে উক্ত পত্র প্রেরণের জন্য সভাপতিকে বাধ্য করা হয় যা কখনোই সভাপতির ব্যক্তিগত অভিমত নয়। মূলত: সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত দূরভিসন্ধিমূলক তথ্যের উপর ভিত্তি করে তাৎক্ষণিকভাবে কমিশনের অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এই ধরণের সিদ্ধান্তে উপনীত হয়েছিল।
এতে আরো বলা হয়, সরকার যেহেতু ড. এম. মাসরুর রিয়াজকে তাঁর যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে নিয়োগ প্রদান করেছে সুতরাং এ ক্ষেত্রে কমিশনের অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের কোনো আপত্তি নাই। ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যগণের সাথে আলোচনার ভিত্তিতে ড. এম. মাসরুর রিয়াজকে চেয়ারম্যান হিসেবে স্বাগত জানানোর বিষয়ে এসোসিয়েশন পূর্ববর্তী সিদ্ধান্ত থেকে সম্পূর্ণভাবে সরে এসেছে এবং তাঁকে কমিশনে সাদরে গ্রহণ করতে এসোসিয়েশনের কোন আপত্তি নাই।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬