Logo

ইব্রাহিম রাইসির দাফন আজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ মে, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও অন্যান্য সফরসঙ্গীরা চিরনিদ্রায় শায়িত হবেন আজ।

আজ বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে উত্তর-পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে ইব্রাহিম রাইসিকে। এ শহরেই ইমাম রেজা (আ.)-এর মাজার অবস্থিত।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ খোরাসান প্রদেশের বিরজান্দ শহরে প্রেসিডেন্ট রাইসির শেষকৃত্য অনুষ্ঠান শুরু হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার ও বুধবার তাবরিজ, কোম ও তেহরানে কয়েক দফায় জানাজা অনুষ্ঠিত হয় নিহতদের। এতে অংশ নেন লাখ লাখ মানুষ।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টায় ইব্রাহিম রাইসির মরদেহ বহনকারী ফ্লাইটটি দক্ষিণ খোরাসান প্রদেশের বিরজান্দ বিমানবন্দরে পৌঁছায়। এর আগে থেকেই জানাজাস্থলে হাজির হতে থাকেন হাজার হাজার মানুষ।

বিরজান্দের আজকের জানাজায় সিস্তান ও বেলুচেস্তান, সেমনান এবং ইয়াজদের মতো প্রদেশের মানুষও উপস্থিত রয়েছেন। এতে অংশ নিচ্ছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬