Logo

ডিভিডেন্ড ঘোষণার অনুমতি পেলো সাউথইস্ট ব্যাংক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমতি পেয়েছে। ব্যাংকটি তার পরবর্তী পর্ষদ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে, তালিকাভুক্ত প্রতিটি ব্যাংককে লভ্যাংশ ঘোষণার আগে তাদের কাছ থেকে অনুমতি চাইতে হয়। এ সংক্রান্ত আবেদনে প্রস্তাবিত লভ্যাংশের পরিমাণ ও ধরনের উল্লেখ করতে হয়। কেন্দ্রীয় ব্যাংক আবেদনকারী ব্যাংকের আর্থিক অবস্থা পর্যালোচনা করে ওই প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত দিয়ে থাকে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি ২০২২ সালের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল, যার মধ্যে ছিল ০৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও ০৪ শতাংশ স্টক। ওই বছর সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৪২ পয়সা। এদিকে সর্বশেষ হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪৪ পয়সা।

আগামীকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। ওই বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত হিসাববিবরণী পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬