Logo

দেশজুড়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

মঙ্গলবার ঢাকাসহ দেশের চার বিভাগে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশজুড়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হয়েছে। মঙ্গলবারও তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস প্রতিবেদনে জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এরই মধ্যে গরমে সারাদেশে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তীব্র গরমে রাতে ফ্যান চালিয়েও ঘুমাতে পারছে না মানুষ। দিনে বাইরে যেন আগুনের হলকা। তবে এই দাবদাহ থেকে সহসা মুক্তি মিলছে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, ঢাকা, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬