Logo

ফের ১০০ টাকা কেজিতে পেঁয়াজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৪
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

সপ্তাহ জুড়ে বাজারে নতুন পেঁয়াজ প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা থাকলেও রোববার থেকে হঠাৎ পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। খুচরা বাজারে দাম বাড়তে বাড়তে ফের সেঞ্চুরি হাঁকিয়েছে পেঁয়াজ।

আজ সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দাম বৃদ্ধির এমন চিত্র দেখা গেছে। বাজারের বেশিরভাগ দোকানেই নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে।

পেঁয়াজ পাইকারি কেনা দামই বেশি পড়ছে, তাই খুচরা বাজারেও দাম বেড়েছে জানিয়ে রাজধানীর বাড্ডা এলাকার এক মুদির দোকানি রহমান মিয়া বলেন, আজ সকালে দোকানে বিক্রির জন্য কয়েক পাল্লা পেঁয়াজ কিনে এনেছি। সেখানে প্রতি পাল্লা (৫ কেজিতে এক পাল্লা) দাম পড়েছে ৪৭০ টাকা, মানে প্রতি কেজি পড়েছে ৯৪ টাকা। এরপর আছে রিকশায় করে আনার খরচ।

সব মিলিয়ে আজ খুচরা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করছি ১০০ টাকায়। তিন দিন আগেই পাইকারি পেঁয়াজ কিনেছি ৭০ টাকায় তখন বিক্রি করেছি ৮০ টাকা কেজি। কিন্তু গতকাল থেকে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে গেছে। পাইকারি বাজারে কেনা বেশি তাই খুচরা বাজারেও পেঁয়াজ বিক্রি হচ্ছে বেশি দামে। এদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী গতকাল রাজধানীতে প্রতি কেজি নতুন পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকায়।

টিসিবির সহকারী পরিচালক (বাজার তথ্য) নাসির উদ্দিন তালুকদার জানান, গতকাল নতুন পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকায়, ঠিক এক দিন আগে এটার দাম ছিল ৬৫ থেকে ৭০ টাকা। সেই সঙ্গে গত মাসে পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গিয়েছিল তাই সে সময়ও নতুন পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকায়। তবে গত বছর এই সময় নতুন পেঁয়াজ বাজারে বিক্রি হয়েছে প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকার মধ্যে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬