দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে আজ মঙ্গলবার (২৬) পীরগঞ্জ যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট চাইতেই প্রধানমন্ত্রীর এ সফর।
প্রধানমন্ত্রী এদিন বিকাল ৩টায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। এছাড়াও শেখ হাসিনা নিজ বাসভবন লালদীঘি ফতেহপুরে পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হয়ে স্বামীর কবর জিয়ারতসহ নিকট আত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় করবেন।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম জানান, মঙ্গলবার সকালে বিমানযোগে সৈয়দপুর এসে তারাগঞ্জে দলীয় প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। এ সভা শেষে গ্রামের বাড়ি পীরগঞ্জের লালদীঘি ফতেহপুরে আসবেন তিনি। সেখানে স্বামীর কবর জিয়ারতের পর নিকট আত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় করে সময় কাটাবেন শেখ হাসিনা। এরপর বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় যোগ দেবেন।
তিনি জানান, শেখ হাসিনাকে বরণ এবং জনসভা সফল করতে সব প্রস্ততি সম্পন্ন করেছে উপজেলা আওয়ামী লীগ। এ জনসভায় প্রতিটি ওয়ার্ড থেকে মিছিল স্লোগানসহ ব্যাপক লোক সমাগম ঘটবে এবং নিকটবর্তী গাইবান্ধা, দিনাজপুর ও রংপুরের আওয়ামী লীগ নেতাকর্মীদের সমন্বয়ে দুই লক্ষাধিক মানুষের ঢল নামবে জনসভায়।রংপুর বিভাগে অনেক উন্নয়ন করেছেন। বাংলাদেশকে বিশ্বের কাছে রোল মডেল হিসেবে পরিণত করেছেন। প্রিয় নেত্রীকে একনজর দেখতে জনসভা জনসমুদ্রে পরিণত হবে।