আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে আবারও বড় ধাক্কা খেলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলে যে তাণ্ডব চালিয়েছিলেন, সেটির ফল ভুগতে হলো ট্রাম্পকে। ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডো অঙ্গরাজ্যে লড়তে পারবেন না তিনি।
মঙ্গলবার (২০ডিসেম্বর ২০২৩) কলোরাডো সুপ্রিমকোর্ট এক ঐতিহাসিক রায়ে এই নির্দেশ দিয়েছে। খবর বিবিসির।
রায় অনুসারে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডো অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প।
কলোরাডো সুপ্রিমকোর্টের সাত বিচারকের একটি বেঞ্চ ৪-৩ ভোটে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই রায় দেন। এ সময় তারা মার্কিন সংবিধানের ‘বিদ্রোহ’ সংক্রান্ত ধারাগুলোর আশ্রয় নেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দেশটির সংবিধানের চতুর্দশ সংশোধনীর ধারা-৩ প্রয়োগ করে তাকে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অনুপযোগী বলে ঘোষণা করা হলো।