নবম দফায় অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর নিয়মিত ই অবরোধ দিয়ে যাচ্ছে দলটি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর, ২০২৩) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, আমাদের আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে। বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলা-মামলা ও নির্যাতন অব্যাহত রেখেছে বলেও অভিযোগ করেছেন রিজভী।
এর আগে বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অষ্টম দফায় দেশজুড়ে ২৪ ঘণ্টার অবরোধ চলে। এরপর আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা দেশজুড়ে হরতাল পালন করছে দলটি।