Logo

মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর

জনগণকে সঙ্গে নিয়ে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গেল ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় কারাগারে আটক থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (২২ নভেম্বর) মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার, মো. আসাদুজ্জামান, বদরুদ্দোজা বাদল।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

গত ২ নভেম্বর একই আদালতে তার পক্ষে জামিন আবেদন দাখিল করেন অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জামিন শুনানির জন্য ২০ নভেম্বর দিন ধার্য করেন। তবে ওইদিন রাষ্ট্রপক্ষ ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু অসুস্থ জানিয়ে শুনানি পেছাতে সময়ের আবেদন করে।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরে জামিন শুনানি দুদিন পিছিয়ে আজ দিন ধার্য করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬