প্রতিষ্ঠার ২৪ বছরে পদার্পণ করছে ইসলামী ধারার অন্যতম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি.। প্রতিষ্ঠানটির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর নানা আয়োজন উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী ব্যাংকের সম্মানিত গ্রাহক, শেয়ার হোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা, কর্মকর্তা-কর্মচারীসহ সকল শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্যদের মধ্যে, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আব্দুল আজিজ ও মুহাম্মদ মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শাহ, বিভাগীয় প্রধানগণ ও প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
১৯৯৯ সালের ২৫ অক্টোবর যাত্রা শুরু করে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক লিমিটেড। যা ২০০৯ সালে ১ জানুয়ারি একটি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে রূপান্তরিত হয়ে বর্তমানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি নামে যাত্রা অব্যাহত রেখেছে। ২০২৩ সালেও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তার অগ্রযাত্রা ধরে রাখতে সক্ষম হয়েছে। সারা দেশে ২০৪টি পূর্ণাঙ্গ শাখা, ১৭০টি উপশাখা, ৯৬টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ২৪৬টিরও বেশি নিজস্ব এটিএম ও সিআরএম নেটওয়ার্ক নিয়ে কার্যক্রম পরিচালনা করছে ব্যাংকটি।