শেয়ার ও অর্থ আত্মসাৎকারী চারটি ব্রোকারেজ হাউজের পাওনাদার গ্রাহকদের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারী সুরক্ষা তহবিল থেকে ২৫ কোটি টাকা দেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে সোমবার এ সংক্রান্ত চিঠি ডিএসইতে পাঠানো হয়। সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
ব্রোকারেজ হাউজগুলো হলো- ক্রেস্ট সিকিউরিটিজ, তামহা সিকিউরিটিজ, বানকো সিকিউরিটিজ এবং শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কো লিমিটেড। করোনাকালীন সময়ে জালিয়াতির মাধ্যমে বিনিয়োগকারীদের টাকা আত্মসাৎ করে ৪টি ব্রোকারেজ হাউজ। সর্বশেষ চার ব্রোকারেজ হাউজে সম্মিলিত হিসাবে ঘাটতি প্রায় ৪১০ কোটি টাকা। এরমধ্যে তামহা সিকিউরিটিজ ১৪০ কোটি, ক্রেস্ট ১২৮, বানকো সিকিউরিটিজের ১২৬ এবং শাহ মোহাম্মদ সগীরের ১৫ কোটি টাকার বেশি ঘাটতি রয়েছে।
নিয়ন্ত্রণ কমিশন মনে করছে, বিনিয়োগকারী সুরক্ষা তহবিলের এই অর্থ দিয়ে তিন ব্রোকারেজ হাউজের ক্ষুদ্র বিনিয়োগকারীদের কিছুটা হলেও সহায়তা দেওয়া সম্ভব। পরবর্তীতে তিন হাউজের সম্পদ বিক্রি করে তহবিলের টাকা সমন্বয় করা হবে। এ কারণেই ২৫ কোটি টাকা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।