নিজস্ব প্রতিবেদক: একেবারে মুদ্রার বিপরীত পিঠ দেখে ফেললেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন। বিপিএলে গত আসরেও ছিলেন টুর্নামেন্টের আলোচিত নাম। ঢাকা ফ্র্যাঞ্চাইজির হয়ে ১২ ম্যাচ খেলে ৩৬৬ রান করেছিলেন নাসির। বল হাতে শিকার করেছেন ১৬ উইকেট। তবে এরপরেও ২০২৪ সালের বিপিএলের ড্রাফটে নেই তার নাম।
তবে ঠিক কেন নাসিরের নাম নেই, সেটাও প্রায় সকলেরই জানা। আবুধাবির টি-টেন লিগে অংশ নিতে গিয়ে দূর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন একসময় বাংলাদেশ দলের নিয়মিত এই মুখ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ৭৫০ ডলারের বেশি অর্থমূল্যের উপহার নিয়েছেন এবং তা আমিরাত বোর্ডের দুর্নীতি দমন কর্মকর্তাকে জানাতে ব্যর্থ হয়েছেন। এই অভিযোগের কারণে বিপিএল তো বটেই ঘরোয়া ক্রিকেটের কোথাও দেখা যাবেনা নাসিরকে।