নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রেলপথে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা ৭ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনযাত্রার উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
উদ্বোধনের আগে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন সাংবাদিকদের বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের জন্য এই রেল যোগাযোগ যুগান্তকারী পরিবর্তন আনবে। তিনি বলেন, ঢাকা-ভাঙ্গা রেল যোগাযোগ উদ্বোধনের পর যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আসবে। এর সুফল সারাদেশের মানুষ পাবে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের স্বপ্নপূরণে প্রথমবারের মতো ঢাকা-ভাঙ্গা পরীক্ষামূলক ট্রেনযাত্রা শুরু হলো। ট্রেনটিতে যাত্রী হিসেবে রয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া পদ্মার দুই পাড়ের সংসদ সদস্যরাও রয়েছেন এই ট্রেনযাত্রায়। এই যাত্রায় ঢাকা-ভাঙ্গা ৮২ কিলোমিটার নতুন ব্রডগেজ রেলপথ যুক্ত হচ্ছে দেশের রেল যোগাযোগে।