Logo

ইতালিতে তিন দিনের সফরে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে খাদ্য সম্মেলনে যোগ দিতে ইতালির পথে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তার সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন।

আজ রোববার (২৩ জুলাই) ভোর ৫টা ৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে (কিউআর-৬৪৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানের রোম সফরে দেশটির সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ।

দোহায় ট্রানজিট বিরতির পর কাতার এয়ারওয়েজের আরেকটি ফ্লাইটে (কিউআর-১৩১) করে রোম যাবেন তিনি। স্থানীয় সময় দুপুর ২টার পর রোম পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর।

ঢাকা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মাহবুব আলী, মন্ত্রী পরিষদ সচিব, মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তিন বাহিনীর প্রধান, পুলিশ মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬