Logo

ধানের শীষ পেটের বিষ: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ধানের শীষ পেটের বিষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এদেশের মানুষ আবারও নৌকা চায়। পেটের বিষ আর খেতে চায় না।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বুধবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

বিএনপি বিদেশিদের ওপর নির্ভর করছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এই মুহূর্তে বিএনপিসহ তাদের সমমনা দলগুলো গুজব নিয়ে ব্যস্ত। তারা ভোটারদের কাছে যাচ্ছে না। তারা যাচ্ছে বিদেশিদের কাছে। অনেক মালা গেঁথে আটলান্টিকের দিকে তাকিয়ে আছে। তারা ভাবছে বিদেশি প্রতিনিধি এসেই ভিসানীতি দেবে।

তিনি বলেন, পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে যারা অপপ্রচার চালিয়েছে, তাদের অপপ্রচার একেবারেই সত্য নয়। বিএনপি নির্বাচনে না এলেও অন্যান্য দল, স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে ভোটার উপস্থিত ভালো ছিল। অনেকে অপপ্রচার করেছে যে, ভোটের প্রতি ভোটারের আগ্রহ নেই। নির্বাচন মানেই বিশৃঙ্খলা, জাল ভোট, এসব অপপ্রচার চালানো হয়; যা বাস্তবে ঘটেনি। সেদিক থেকে আমরা বাংলাদেশের নির্বাচনের আশার আলো দেখতে পাই। নির্বাচন ব্যবস্থাকে গণতান্ত্রিক করেছেন শেখ হাসিনা।

ওবায়দুল কাদের আরও বলেন, অন্ধকারে ঢিল ছুড়ে লাভ নেই। বিরোধীরা বার বার অন্ধকারে ঢিল ছুড়েছে। সিটি কর্পোরেশন নির্বাচন যেভাবে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয়েছে, আগামী জাতীয় নির্বাচনও এ ধারাবাহিকতায় হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬