নিজস্ব প্রতিবেদক: সদ্য বিদায়ী জুন মাসে দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারী কমেছে। জুন মাসে শেয়ারবাজারে ১১ হাজারের বেশি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব কমেছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
জুন মাসে পুরুষদের বিও ৮ হাজার ২৪৬ টি কমে দাঁড়িয়েছে ১৩ লাখ ৯১ হাজার ৩৯৭টিতে। মে মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৪৩টিতে। আর জুন মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ৩ হাজার ৬৯৫টি কমে চার লাখ ৫২ হাজার ৫৩২টিতে দাঁড়িয়েছে। মে মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪ লাখ ৫৬ হাজার ২২৭টিতে।
জুন মাসে বেড়েছে কোম্পানি বিও হিসাব। আলোচ্য মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৬ হাজার ৮৪৫টিতে। আর মে মাসে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮১৭টিতে। জুন মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদে বিও হিসাব কমেছে।
এর মাধ্যমে জুন মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৭ লাখ ৮২ হাজার ৮৮২টিতে। যা মে মাসের শেষ দিন ছিল ১৭ লাখ ৯৩ হাজার ৯৭টিতে। জুন মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৬১ হাজার ৪৪৭টিতে। মে মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৬২ হাজার ৭৭৩টিতে।