Logo

আরও একবার স্বপ্ন ভাঙলো ভারতের

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আরও একবার স্বপ্ন ভাঙলো ভারতের। সাউদাম্পটনে প্রথম আসরের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল তাদের। এবার ওভালে ভারতীয়দের কাঁদালো অস্ট্রেলিয়া।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনালের শেষদিন রোহিত শর্মার দলকে ২০৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া।

ভারতকে এই টেস্ট জিততে হলে অবশ্য বিশ্বরেকর্ডই গড়তে হতো। চতুর্থ ইনিংসে তাদের সামনে ৪৪৪ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছিল প্যাট কামিন্সের দল। চতুর্থ দিনের শেষ সেশনে এই পাহাড়ি পথ ধরেই হাটছিল রোহিত শর্মার দল! বিশেষ করে বিরাট কোহলি-আজিঙ্কা রাহানে জুটিতে ভারতের আশার পালে হাওয়া লেগেছিল।

তবে দিন শেষে রাতের বিরতিতেই যেন ভারতের ঘরে লুট-পাট! পঞ্চম দিনে নতুন করে শুরু করার সুযোগ পেয়েও ব্যর্থ এই দুই অভিজ্ঞ ব্যাটার। উল্টো খানিকটা তাড়া-হুড়া করে বিপদ ডেকে নিয়ে আসলেন। তাতে পথ হারালো দলও। ৭ উইকেট হাতে নিয়ে দিন শুরু করা ভারতের ইনিংস টিকলো আজ মাত্র দুই ঘন্টা! ফলে টানা দুইবার সাদা পোশাকে শিরোপার খুব কাছে গিয়েও তা আর ছোঁয়া হলো না ভারতের। অন্যদিকে প্রথমবার ফাইনাল খেলতে নেমেই শিরোপার দেখা পেল অস্ট্রেলিয়া।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিরপেক্ষ ভেন্যু ইংল্যান্ডের দ্য ওভালে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৪৬৯ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে ২৯৬ রানের বেশি করতে পারেনি ভারত। ফলে ১৭৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিল অস্ট্রেলিয়া। সেখানে ৮ উইকেটে ২৭০ রান করে ইনিংস ঘোষণা করে অজিরা। ৪৪৪ রানের বড় লক্ষ্য তাড়ায় স্কোরবোর্ডে ২৩৪ রান তুলে অলআউট হয় ভারত। এরফলে ২০৯ রানের জয়ে টেস্ট চ্যাম্পিয়নের মুকুট পরলো অজিরা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬