মিরপুর-কালশী ফ্লাইওভার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালশী বালুর মাঠে আয়োজিত এক অনুষ্ঠান থেকে ২.৩৪ কিলোমিটার দীর্ঘ এ ফ্লাইওভারটির উদ্বোধন ঘোষণা করেছেন।
কালশীর এই ফ্লাইওভারটি মিরপুরবাসীর অনেক আকাঙ্ক্ষার একটি স্থাপনা। এটি নির্মাণের সময়ে অনেক কষ্টও সইতে হয়েছে এখানকার বাসিন্দাদের। ঢাকা উত্তর সিটির মেয়র গতকাল এটি দেখতে গিয়ে বলেছেন, এই ফ্লাইওভারটি মিরপুরবাসীর জন্য প্রধানমন্ত্রীর বসন্তের উপহার।
ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী সার্কেলের ওপর ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের আওতায় ২৩৩৫ মিটার দীর্ঘ ফ্লাইওভারটি নির্মিত হয়েছে। এই প্রকল্পের আওতায় ইসিবি চত্বর থেকে কালশী পর্যন্ত ৩.৭০ কিলোমিটার রাস্তাও প্রশস্ত করা হয়েছে।
একনেক ২০১৮ সালের ৯ জানুয়ারি প্রকল্পটিকে অনুমোদন দেয়। এর কাজ শেষ হওয়ার কথা ছিল এ বছরের জুনে। প্রায় ৪ মাস আগেই কাজ শেষ করা হয়েছে।
বিএনসিসি ও বাংলাদেশ আর্মি (২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড) ১ হাজার ১২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি সম্পন্ন করেছে।