Logo

তুরস্ক ও সিরিয়া মৃতের সংখ্যা পৌঁছাল প্রায় ২৪ হাজার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: গত ৫ দিনে তুরস্ক ও সিরিয়া থেকে উদ্ধারকৃত মৃতদেহের সংখ্যা পৌঁছেছে প্রায় ২৪ হাজারে। ইট-কংক্রিটের স্তূপের মধ্যে জীবিত অথবা মরদেহের সন্ধানে এখনও চলছে উদ্ধারকাজ।

তুরস্ক ও সিরিয়ার গোটা জনপদই এখন মৃত্যুপুরী। দুমড়ে-মুচড়ে মুখ থুবড়ে পড়ে আছে সারি সারি মৃত্যুকূপ। যেন নিস্তব্ধ গণকবর। কোনো শব্দ নেই, আর্তনাদ নেই, চিৎকার নেই। আত্মীয়স্বজন-উদ্ধারকারীরা সবাই কান পেতে আছে একটা চাপা ধ্বনির জন্য। ছোট্ট একটা আওয়াজ, একটু শব্দ, একটু নড়াচড়ার জন্য ধ্বংসস্তূপগুলোর গায়ে গায়ে গিয়ে কান পাতছেন- কেউ বেঁচে আছেন কিনা তা শুনতে। স্বজনদের উদ্ধার অভিযান নিয়ে এমন বর্ণনাই দেন অনুসন্ধানকারীরা।

অভিযানে যোগ দিয়েছে বহু দেশের হাজার হাজার উদ্ধারকর্মী। আছে স্বেচ্ছাসেবকরাও। কেবল তুরস্কে উদ্ধার হয়েছে ২০ হাজার ৩ শতাধিক মরদেহ। আহত ৮০ হাজারের বেশি। আর সিরিয়ায় প্রাণহানি নিশ্চিত হয়েছে সাড়ে তিন হাজারের ওপর।

৬ ফেব্রুয়ারি সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও তার প্রতিবেশী দেশ সিরিয়া। ওই ভূমিকম্পের ১৫ মিনিট পর ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি বড় ভূমিকম্প এবং পরে অনেকগুলো আফটারশক হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তাৎক্ষণিক এক বিবৃতিতে বলা হয়, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় কাহরামানমারাশ প্রদেশের গাজিয়ানতেপ শহরের কাছে ভূপৃষ্ঠের ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬