Logo

চিলিতে শতাধিক দাবানলে নিহত ২৩ জন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ চিলির শতাধিক স্থানে দাবানলে অন্তত ২৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৯৮০ জন। আহতদের মধ্যে ১৬ জন গুরুতর দগ্ধ হয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে চিলির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা এ তথ্য জানান।

তোহা জানান, সাধারণত এক বছরে যে পরিমাণ বন ও বনভূমি বিলুপ্ত হয়, এবছর ইতোমধ্যে সেই পরিমাণ বন আগুনে উজাড় হয়ে গেছে।

শনিবার রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক টুইটারে জানান, প্রতিবেশী আর্জেন্টিনা চিলির দক্ষিণ-মধ্য অঞ্চলে দাবানল মোকাবিলায় অগ্নিনির্বাপক বাহিনী ও যন্ত্রপাতি পাঠাবে।

চিলির জাতীয় বনবিভাগ সংস্থা কোনাফ জানিয়েছে, ২৩১টি দাবানলের মধ্যে অন্তত ৮১টি জ্বলছে। বাকিগুলো মোটামুটি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তবে শনিবার আরো অন্তত ১৬টি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে উল্লেখ করে কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ গোলার্ধের কোনো কোনো অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে পৌঁছেছে। দাবানলে অন্তত ৪৪ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে।

সূত্র: সিএনএন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬