নিউজ ডেস্ক: বগুড়া-৪ ও বগুড়া-৬ (সদর উপজেলা) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এই দুই সংসদীয় আসনে প্রায় সাড়ে ৭ লাখ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উপনির্বাচনে দুই আসনে ব্যাপক আলোচিত প্রার্থী ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ইতোমধ্যে ভোট দিয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া সদরের এরুলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
জেলা নির্বাচন অফিস সূত্র জানা গেছে, বগুড়া-৬ আসনের উপনির্বাচনে মোট প্রার্থী ১১ জন ও বগুড়া ৪ আসনের ৯ জন প্রার্থী। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪৬৯। ভোটকেন্দ্রের সংখ্যা ১১২টি। আর ভোট কক্ষের সংখ্যা ৭৭৭টি। এর মধ্যে অস্থায়ী কক্ষ থাকবে ৪২টি। এই আসনে মোট প্রিসাইডিং কর্মকর্তা ১১২ জন ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ৭৭৭ এবং পোলিং অফিসার থাকবে ১ হাজার ৫৫৪ জন কর্মকর্তা কাজ করছেন।