Logo

অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপো শুরু হচ্ছে বৃহস্পতিবার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬

আগামী ৫ জানুয়ারি, বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্যাপিটাল মার্কেট এক্সপো । বিনিয়োগ শিক্ষার প্রসার এবং পুঁজিবাজারের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ২০১৫ সালে অর্থসূচকের উদ্যোগে এই এক্সপো শুরু হয়। এবারে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ক্যাপিটাল মার্কেট এক্সপো।

মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনের সিএমজেএফ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যাপিটাল মার্কেট এক্সপো নিয়ে বিস্তারিত তুলে ধরেন অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে এবারের এক্সপো শুরু হবে। এদিন সকাল ১০.৩০ এ মাননীয় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি প্রধান অতিথি হিসেবে এই এক্সপো উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

অতিথি হিসেবে হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান জনাব ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান জনাব আসিফ ইব্রাহীম, বাংলাদেশ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএপিএলসি) প্রেসিডেন্ট জনাব আনিস উদ দৌলা, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট জনাব মোঃ ছায়েদুর রহমান এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) এর প্রেসিডেন্ট জনাব রিচার্ড ডি রোজারিও।

আগামী ৭ জানুয়ারি, শনিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠেয় এক্সপোর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি থাকবেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

এক্সপোতে বিএসইসি, সিডিবিএল, বিআইসিএম, বিএএসএম, আইসিএবি, আইসিএমএবি, আইসিএসবি, ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক, লিস্টেড কো্ম্পানি, সম্পাদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানসহ ৩৫টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

তিনদিনের এক্সপোতে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের বাইরে বিভিন্ন বিষয়ের উপর চারটি সেমিনার অনুষ্ঠিত হবে। এসব সেমিনারে বিএসইসি, ডিএসই ও সিএসইর শীর্ষ কর্মকর্তা, খ্যাতনামা স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার, অ্যাসেট ম্যানেজার, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড ফিন্যান্সিয়াল এনালিস্ট প্রমুখ অংশ নেবেন।

অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপো ২০২৩ এ কো-পার্টনারদের মধ্যে আছে- বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম), বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম), ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অব বাংলাদেশ (আইসিএমএবি)।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬