Logo

বিশ্বকাপে হেরে ফ্রান্সের বেশ কয়েকটা শহরে দাঙ্গা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আর্ন্তজাতিক ডেস্ক: টানা ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয় বারের মতো বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে জয়ের মাধ্যমে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব পেল দক্ষিণ আমেরিকান এই দেশটি। অন্যদিকে শিরোপার লড়াইয়ে হেরে গিয়ে ফ্রান্সের কয়েকটি শহরে দাঙ্গা বেধে গেছে। প্যারিসের সড়কে হাজার হাজার ফুটবল ভক্ত বিক্ষোভ করেছেন। খবর ইন্ডিয়া টুডের।

ফরাসিরা এই পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না। বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাঙ্গা থাকাতে বিভিন্ন শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভিডিওগুলো দেখা গেছে, সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকলেও বিশৃঙ্খলা করছেন নগরবাসী।

বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ছে। একজন টুইটার ব্যবহারকারী দাবি করেছেন, লিয়নে একজন নারী গাড়ি নিয়ে বিক্ষোভকারীদের কাছ দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়েছেন।

ডেইলি মেইলের প্রতিবেদন বলা হয়েছে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্যারিসের সড়কে টিয়ার গ্যাস ছুড়তে বাধ্য হয়। গতরাতে কাতার বিশ্বকাপে টাইব্রেকারে আর্জেন্টিনার বিপক্ষে ৪-২ গোলে হেরে যায় ফ্রান্স। এরপরই হাজারো ফুটবল ভক্ত সড়কে নেমে আসে। ভক্তরা সেখানে আগুন জ্বালায় এবং আকাশের দিকে আতশবাজি নিক্ষেপ করে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে ফ্রান্সের রাস্তায় বিশাল হট্টগোল এবং বিশৃঙ্খলার দৃশ্য উঠে এসেছে। অবশ্য পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার চেষ্টা করার পরও উত্তেজনা চলছিল।

অবশ্য বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলায় নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্সজুড়ে প্রায় ১৪ হাজার পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছিল বলে কর্মকর্তারা ডেইলি মেইলকে জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬