Logo

চেক নিষ্পত্তির নতুন সময়সূচি নির্ধারণ

ব্যাংকিং ডিপ্লোমা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৫ নভেম্বর থেকে পাঁচ লাখ টাকার বেশি অংকের চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা সাড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে। এগুলো দুপুর আড়াইটার মধ্যে নিষ্পত্তি হবে। আর রেগুলার চেক দুপুর ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক বিকেল ৪টার মধ্যে নিষ্পত্তি হবে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টে থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে এ নির্দেশনা।

আগামী ১৫ নভেম্বর (মঙ্গলবার) থেকে নতুন সময়সূচিতে চলবে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। তখন থেকে এসব নির্দেশনা কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সময়ে চেক ক্লিয়ারিং করবে বিএসিএইচ।

নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ (বিএসিএইচ) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) প্ল্যাটফর্মের কার্যক্রম সূচি পরিবর্তন করা হয়েছে। এসব সেবার মাধ্যমে এক শাখা থেকে অন্য শাখায় বা অন্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ ও স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করে থাকে।

বিএসিএইচ-এর মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) এবং রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থা নিষ্পত্তি করা হয়।

আরটিজিএস-এর লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। তবে, কাস্টমস শুল্ক-করাদি, ফি, চার্জ প্রভৃতি পরিশোধ ও আন্তঃব্যাংক লেনদেন আরটিজিএস-এর মাধ্যমে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পরিশোধ করা যাবে।

বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা আগের নিয়মে চলবে বলে নির্দেশনায় বলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬