Logo

নাইজেরিয়ায় নৌকাডুবি, নিহত ৭৬

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আর্ন্তজাতিক ডেস্ক: নাইজেরিয়ায় ভয়াবহ এক নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৭৬ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই বন্যাদুর্গত মানুষ এবং বন্যার পানি থেকে বাঁচতে নৌকায় করে নিরাপদ স্থানে যাচ্ছিলেন। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

আজ সোমবার (১০ অক্টোবর)ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আনামব্রা প্রদেশের ওগবারু এলাকায় নৌকাডুবির এই ঘটনা ঘটে এবং দুর্ঘটনাকবলিত নৌকাটিতে কমপক্ষে ৮০ জন আরোহী ছিলেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। মূলত নিজেদের এলাকা বন্যার পানিতে ডুবে যাওয়ার পর নিরাপদ স্থানে যাওয়ার জন্য ওই নৌকায় উঠেছিলেন তারা।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি ‘মর্মান্তিক’ এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি দেশের পানি পরিবহন ব্যবস্থাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, নিখোঁজদের জন্য জরুরি পরিষেবাগুলোকে অবশ্যই সবকিছু করতে হবে।

এছাড়া ‘ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়ানো নিশ্চিত করতে পানি পথে চলাচলে সুরক্ষা প্রোটোকল পরীক্ষা করার জন্য’ সরকারি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বুহারি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬