Logo

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মুশফিকের

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের উইকেটরক্ষক মি: ডিপেন্ডবল মুশফিকুর রহিম। এশিয়া কাপ শেষে ফেরার পরই অবসরের সিদ্ধান্তের কথা জানালেন তিনি।

সম্প্রতি টি-টোয়েন্টি দলে মুশফিকুর রহিমের জায়গা বেশ নড়বড়ে হয়ে যায়। জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে ছিলেন না, তাকে ‘বিশ্রাম’ দেওয়ার কথা জানিয়েছিল। তবে এশিয়া কাপ দিয়ে আবার ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের দলে ফিরেছিলেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।

আজ রোববার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে বিষয়টি নিশ্চিত করেন মুশফিক। পোস্টে মুশফিক লেখেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রেরণা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাব। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারব দেশের জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাব টি-টোয়েন্টি ফরম্যাটে।
আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।’

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬