Logo

আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আল আরাফাহ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভূক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড বন্ড ইস্যুর মাধ্যমে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে। বুধবার (৩১ আগস্ট) বিএসইসির ৮৩৭ তম কমিশন সভায় কোম্পানিটির বন্ড অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, অনুমোদিত বন্ডটির নাম ‘৪র্থ এআইবিএল মুদারাবা সাব-অর্ডিনেট বন্ড’ । সাত বছর মেয়াদী এই বন্ডটি নন-কনভার্টেবল, ফ্লোটিং রেট বন্ড। অর্থাৎ বন্ডটির কোনো অংশ শেয়ারে রূপান্তর হবে না। আর এর সুদের হার হবে ভাসমান। বন্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ৫ লাখ টাকা।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ব্যাংকটি টায়ার-২ ক্যাপিটাল বেস (Tier-2 Capital Base) শক্তিশালী করবে। বন্ডটি স্টক এক্সচেঞ্জের অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

স্থানীয় উচ্চ সম্পদশালী ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ইস্যু করা হবে।

এই বন্ডের লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। ট্রাস্টির দায়িত্ব পালন করবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬