নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে আজ ডিএসইতে ২ হাজার ৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেল কর্মদিবস থেকে ডিএসইতে ২৩৬ কোটি ৩৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। এর আগের দিন ডিএসইতে ১ হাজার ৭৬৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এছাড়া বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৫৭ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৮৩ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৮৯ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ৭০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।