Logo

ইউক্রেনে রকেট হামলায় নিহত ২২

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনের স্বাধীনতা দিবসে দেশটির একটি রেলওয়ে স্টেশনে রাশিয়ার রকেট হামলায় শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন। রুশ বাহিনীর হামলার ছয় মাস পূর্তির দিনে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইউক্রেন।

গেল বুধবার রুশ বাহিনী স্বাধীনতা দিবসে ইউক্রেনের পূর্বাঞ্চলের দানিপ্রো ও দোনেৎস্কের মাঝে চ্যাপলিনের একটি রেলস্টেশনে এ রকেট হামলা চালায়। তথ্য সূত্র খবর এপির।

প্রতিবেদনে বলা হয়, দেশটির পূর্বাঞ্চলের চ্যাপলিন শহরে একটি গাড়িতে পাঁচজন দগ্ধ হয়ে মারা গেছেন। তাদের মধ্যে ১১ বছরের এক শিশুও রয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের মাঝখানে এ হামলা চালিয়েছে রাশিয়া।

তবে এ হামলার বিষয়ে রাশিয়া এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। ক্রেমলিনের পক্ষ থেকে বারবার কোনো বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানোর বিষয়টি অস্বীকার করা হয়েছে। জেলেনস্কি বলেন, তিনি নিরাপত্তা পরিষদে কথা বলার প্রস্তুতি নিচ্ছিলেন।

এমন সময় পূর্বাঞ্চলের দানিপ্রো ও দোনেৎস্কের মাঝে চ্যাপলিনে হামলার বিষয়টি জানতে পেরেছেন। তিনি বলেন, এভাবেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের প্রস্তুতি নিল রাশিয়া।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬