নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে ১ হাজার ১৩৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেল কর্মদিবস থেকে ৩৫৩ কোটি ৭২ লাখ টাকা কম। এর আগের দিন ডিএসইতে ১ হাজার ৪৮৭ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮০ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৪৩ পয়েন্টে।
এছাড়া ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ২১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৪টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৭৮ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ২৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।