Logo

বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

বাসচাপায় প্রাণ গেল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

কুমিল্লার বুড়িচং উপজেলায় রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন তাদের এক ছেলে ও এক মেয়ে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোকাম ইউনিয়নের কাবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের বাড়াইর গ্রামের মো. নসু মিয়া ওরফে ইদ্রিস মিয়া (৫০) ও স্ত্রী লুৎফা বেগম (৪২)। তাদের দুই সন্তানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আবাদ মিয়া জানান, ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে অন্য একটি গাড়িতে করে একই পরিবারের চার সদস্য কাবিলা বাসস্ট্যান্ড এলাকায় নামে। তারা রাস্তার দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে যাওয়ার পথে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলে লুৎফা বেগম ও হাসপাতালে নেওয়ার পথে স্বামী মো. নসু মিয়া ওরফে ইদ্রিস মিয়ার মৃত্যু হয়। আহত দুই সন্তানের মধ্যে মেয়েটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

এদিকে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসটি পুলিশ আটক করতে সক্ষম হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬