নিজস্ব প্রতিবেদক : মূল্যস্ফীতি বৃদ্ধি পেলেও আগামী বাজেটে (২০২২-২০২৩) ব্যক্তি পর্যায়ে করদাতাদের জন্য সুখবর নেই। বছরে ৩ লাখ টাকা আয় হলে আগের নিয়মেই আয়কর দিতে হবে। তবে মধ্যবিত্তদের পরিবর্তে বাজেটে বিত্তশালীদের নিয়ে স্বস্তির খবর রয়েছে।
সারচার্য বা ‘সম্পদ কর’ হারে পরিবর্তন আনা হচ্ছে না। অন্যদিকে ক্ষুদ্র হাঁস-মুরগির খামারিদের কর বাড়ানো হচ্ছে। অর্থ মন্ত্রণালয় ও এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে করমুক্ত আয় সীমা বৃদ্ধি করা হয়েছিল ২০২০-২১ অর্থবছরে। তখন করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়।
এনবিআরের মতে, করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি পেলে বিপুলসংখ্যক জনগোষ্ঠী আয়করের আওতার বাইরে চলে যাবে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেলেও মানুষের আয়ও বৃদ্ধি পেয়েছে। তাই সীমা বৃদ্ধিকে যৌক্তিক মনে করে না সংস্থাটি। বলতে গেলে ব্যক্তিশ্রেনির করদাতাদের কাছ থেকে খুবই সামান্য আয়কর আদায় করা হয়।
বর্তামনে ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের বাসিন্দাদের ৫ হাজার টাকা, অন্য সিটি করপোরেশন এলাকার করদাতাদের ৪ হাজার টাকা এবং অন্য জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের করদাতাদের জন্য ৩ হাজার টাকা ন্যূনতম আয়কর দিতে হয়।
অন্যদিকে বাজেটে বিত্তশালীদের সম্পদের করের হার আগের মতোই রাখা হচ্ছে। সম্পদ ৩ কোটি টাকার কম হলে সারচার্জ দিতে হবে না। এ ছাড়া সম্পদের মূল্য ৩ কোটি থেকে ১০ কোটি টাকার মধ্যে থাকলে বা নিজ নামে একাধিক গাড়ি থাকলে ১০ শতাংশ হারে সারচার্জ দিতে হবে। সম্পদের মূল্য ১০ কোটি থেকে ২০ কোটি টাকা হলে ২০ শতাংশ, ২০ থেকে ৫০ কোটি হলে ৩০ শতাংশ এবং ৫০ কোটি টাকার বেশি সম্পদ হলে ৩৫ শতাংশ সারচার্জ দিতে হবে।
এদিকে ছোট হাঁস-মুরগির খামারিদের কর বাড়ানো হচ্ছে। বর্তমানে হাঁস-মুরগির খামারের মালিকদের ২০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত। এটি কমিয়ে ১০ লাখ টাকা করা হচ্ছে। তারমানে আয় সীমা ১০ লাখ টাকা পার হলেই আয়কর দিতে হবে। এ ছাড়া হাঁস-মুরগি, চিংড়ি ও মাছের হ্যাচারি এবং মৎস্য চাষ থেকে অর্জিত আয়ের কর আগের নিয়মেই দিতে হবে।
সূত্রগুলো জানায়, আগামী অর্থবছর থেকে সব ধরনের মৎস্য, পোলট্রি ও কৃষি আয়ের ওপর অভিন্ন কর হার চালু হচ্ছে। প্রথম ১০ লাখ টাকা করমুক্ত থাকছে। পরবর্তী ১০ লাখ টাকা (মোট ২০ লাখ) আয়ের ওপর ৫ শতাংশ হারে, পরবর্তী ১০ লাখ টাকা (৩০ লাখ টাকা) আয়ের ক্ষেত্রে ১০ শতাংশ এবং অবশিষ্ট আয়ের (৩০ লাখ টাকার বেশি আয় হলে) ওপর ১৫ শতাংশ হারে কর দিয়ে হবে।