Logo

বন্ধ ফার্স্টলিড সিকিউরিটিজ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ডুপ্লিকেট সফটওয়্যার ব‍্যবহার করে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে থাকা সব শেয়ার বিক্রি করে ফার্স্টলিড সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন বিনিয়োগকারীরা। এখন এই অর্থ ফেরতের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।

মঙ্গলবার (২৪ মে) সংবাদ সম্মেলন করে এই অভিযোগ এবং দাবি তুলে ধরেন বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন মোহাম্মদ আইয়ুব খান।

মোহম্মদ আইয়ুব খান বলেন, ফার্স্টলিড সিকিউরিটিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ঢাকা অফিসের আমাদের ৩০ জন বিনিয়োগকারীর সব শেয়ার বিক্রি করে প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। শেয়ার বিক্রি সংক্রান্ত কোনো এসএসএস এবং মেইল ফার্স্টলিড সিকিউরিটিজ থেকে আমরা কখনো পেতাম না। বিষয়টি তাদের জানানো হলে তারা সব ঠিক হয়ে যাবে বলে নামাদের আশ্বস্ত করতেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি বাধ্য হয়ে আমরা অন্য হাউজে বিও হিসাব খুলে শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত নেই, সেটাও হয়নি। পরে জানতে পেরেছি ২০২১ সালের মার্চ থেকে ফার্স্টলিড সিকিউরিটিজের লেনদেন বন্ধ করে রেখেছে বিএসইসি।

তিনি আরও বলেন, হাউজ বন্ধ থাকলেও ডুপ্লিকেট সফটওয়্যার ব্যবহার করে শেয়ার লেনদেন করতেন। গত ২০ জানুয়ারি আমরা সিএসইর সিআরও বরাবর শেয়ার হস্তান্তরের আবেদন করি। দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও চিটাগাং স্টক এক্সচেঞ্জ আমাদের কোন শেয়ার হস্তান্তর করে নাই। এরপর আমার বিএসইসির চেয়ারম্যান বরাবর অভিযোগ করলেও কমিশন থেকে আমরা কোনো সদুত্তর পাইনি। তবে সিডিবিএল থেকে জানানো হয় আমাদের হিসাবে কোন শেয়ার নেই।

মোহম্মদ আইয়ুব খান আরও বলেন , প্রতিষ্ঠানটি আমাদের শেয়ার বিক্রি করে অর্থ আত্মসাৎ করায় আমরা পথে বসে গেছি। আমরা খুব আর্থিক কষ্টে আছি। এখন আমাদের টাকা/শেয়ার যত দ্রুত সম্ভব ফেরত পেতে পারি প্রধানমন্ত্রী এবং বিএসইসি চেয়ারম্যানের কাছে দাবি জানাই।

বিএসইসির চেয়ারম্যানের প্রতি বিনিয়োগকারীরা বলেন, আমরা সব টাকা হারিয়ে নিঃস্ব। আমাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। শেয়ার বাজারকে বাঁচান, নিঃস্ব বিনিয়োগকারীদের বাঁচান।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের পক্ষে আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী চোকদার, মোহাম্মদ শহীদুল্লাহ, কৃষ্ণ রায়, কামরুজ্জামান, সাইফুল ইসলাম এবং মোহাম্মদ আইনুর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬