Logo

মদিনা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের ঐতিহ্যবাহী মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রদের অংশগ্রহণে শুরু হয়েছে দশম সাংস্কুতিক অনুষ্ঠান মাহের জানে ‘বাংলাদেশ।’ একই ছাদের তলায় বিশ্ব এই স্লোগানকে সামনে রেখে গত ১৮ মে বুধবার এই সাংস্কুতিক অনুষ্ঠান উদ্বোধন করেন ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন খালিদ আল ফয়সাল।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর বরাতে এ তথ্য জানা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে সৌদি আরবের বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহম্মদ জাবেদ পাটোয়ারি যোগ দেন। এসময় তিনি মদিনিার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন খালিদ আল ফয়সালের সাথে মতবিনিময় করেন এবং তার হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী তুলে দেন। এ ছাড়া জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. নাজমুল হকও ছাত্রদের এই সাংস্কুতিক অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে অংশগ্রহণ করে জাবেদ পাটোয়ারী বলেন, সম্প্রতি সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের ছাত্রদের বৃত্তির সংখ্যা, বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও গবেষণার সুযোগ আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি ছাত্রদের বৃত্তি বৃদ্ধির প্রচেষ্ট অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এ উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজ দেশের সংস্কৃতি, খাবার, সামাজিক ঐতিহ্য, লোকশিল্প ও দেশীয় পোশাক প্রদর্শনের আয়োজন করে। প্রায় ৮০টি দেশের শিক্ষার্থীরা উৎসবে অংশগ্রহণ করেছে। প্রদর্শনী শেষে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের স্টল ও অন্যান্য আয়োজনের ওপর ভিত্তি করে পুরস্কার প্রদান করা হবে।
মদিনা বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিকরা যোগদান করেন।

বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ১৭০টিরও বেশি দেশের শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। এর মধ্যে বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে প্রায় চার শতাধিক।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬