Logo

মানবতাবিরোধী অপরাধ মামলায় তিন জনের রায় বৃহস্পতিবার

মানবতাবিরোধী অপরাধে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলায় মৌলভিবাজারের বড়লেখার আব্দুল আজিজ ওরফে হাবুলসহ তিন জনের বিরুদ্ধে আগামী বৃহস্পতিবার (১৯মে) রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যূনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চেয়ারম্যান বিচারপ্রতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ রায় ঘোষণার দিন ধার্য করেন। এর আগে গত ১২ এপ্রিল উভয় পক্ষে যুক্তিতর্ক শেষে মামলাটি যে কোনো রায় ঘোষণার জন্য রেখে আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

আসামি আব্দুল মান্নানের পক্ষে শুনানি করেন এম. সারোয়ার হোসেন এবং আব্দুল আজিজের পক্ষে শুনানি করেন আব্দুস সাত্তার পালোয়ান। প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নি শুনানি করেন।

২০১৪ সালের ১৬ অক্টোবর এ তিন জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু করে ২০১৬ সালের ১৪ নভেম্বর শেষ করেন। তদন্তে তিন আসামির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মৌলভীবাজারের বড়লেখা এলাকায় হত্যা, গণহত্যা, ধর্ষণ, নির্যাতনের মতো পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি মানবতাবরোধী অপরাধের মামলায় বড়লেখার ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ১ মার্চ মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ দু’জনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর ২ মার্চ আব্দুল আজিজ ও আব্দুল মান্নানকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

আসামি দুই সহোদর আব্দুল আজিজ ও আব্দুল মতিনের বিরুদ্ধে অভিযোগ মুক্তিযুদ্ধ শুরু হলে তারা প্রশিক্ষণ নিতে ভারতের বারপুঞ্জিতে যান। কিন্তু প্রশিক্ষণরত অবস্থায় পালিয়ে এসে তারা রাজাকার বাহিনীতে যোগ দেন। তবে আসামি আব্দুল মতিন পলাতক রয়েছে।

সূত্র: বাসস

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬