Logo

বিএনপি’র টপ টু বটম নেতাদের পদত্যাগ করা উচিত : ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ মে, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণ মনে করে আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায়ে মির্জা ফখরুলসহ বিএনপি’র টপ টু বটম নেতাদের পদত্যাগ করা উচিত।
বৃহস্পতিবার (১২মে) সকালে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্যে বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি নেতাদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের আরও বলেন, হুঁংকার দিয়ে লাভ নেই। দেশের জনগণকে দেখোনোর মতো আপনাদের কোনো উন্নয়ন নেই। তাই সরকারের পদত্যাগ দাবি না করে নিজেরা পদত্যাগ করেন।

ত্যাগী নেতাকর্মীদের দলে মূল্যায়নের প্রতি গুরুত্বারোপ করে সেতুমন্ত্রী বলেন, যারা বিদেশে টাকা পাচার করে, তারা চিহ্নিত; চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, অবৈধ অর্থ পাচারকারীদের কোনোভাবেই দলে রাখা যাবে না। এ সময় দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধ তথা বাংলাদেশকে বাাঁচাতে আওয়ামী লীগকে বাঁচানোর আহবান জানান তিনি।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে সম্মেলনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।

এছাড়া সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, লে. কর্নেল (অব.) ফারুক খান, ড. আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনসহ অন্যন্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬