Logo

ডাউন পেমেন্ট ছাড়াই কৃষিঋণ পুনঃতফসিলের সুযোগ

কৃষিঋণ পুনঃতফসিলের সুযোগ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

স্বল্প মেয়াদী কৃষিঋণে ডাউন পেমেন্ট ছাড়াই তিন বছরের জন্য পুনঃতফসিল করার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দেশীয় বাজারে পণ্যের মূল্য বৃদ্ধি রোধ করতে এবং উৎপাদন কার্যক্রম গতিশীল করতে এমন নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, কৃষি খাতের উদ্যোক্তাদের ঋণ পরিশোধ সহজতর করা এবং স্বাভাবিক ঋণ প্রবাহ বজায় রাখতে স্বল্পমেয়াদি কৃষি ঋণ পুনঃতফসিলিকরণের ক্ষেত্রে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ঋণ পুনঃতফসিলের পর এ খাতের ঋণগ্রহীতাদের কোনো অর্থ নতুনভাবে জমা ছাড়াই পুনরায় নতুন ঋণ দেওয়া যাবে। সার্টিফিকেট মামলা চলাকালীন সময়ে গ্রাহকের সঙ্গে সমঝোতার (সোলেনামা) মাধ্যমে সার্টিফিকেট মামলা স্থগিত বা নিষ্পত্তি করে ঋণ পুনঃতফসিল করা যাবে। এর আগে পুনঃতফসিল করা স্বল্পমেয়াদি কৃষি ঋণের ক্ষেত্রেও নতুন এ সুবিধা প্রযোজ্য হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, নতুন এ নির্দেশনা আজ থেকেই কার্যকর হবে এবং চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। কৃষি ঋণ সংক্রান্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬