Logo

২ এপ্রিল থেকে ৭ মাস বন্ধ সেন্ট মার্টিন

সেন্ট মার্টিন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

টেকনাফ-সেন্ট মার্টিন রুটে দুর্যোগপূর্ণ আবহাওয়ার ঝুঁকি এড়াতে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ হওয়ার কথা ৩০ মার্চ থেকে। তবে এবার তা বন্ধ হবে ২ এপ্রিল থেকে। জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কুয়াব) সোমবার (২৮ মার্চ) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানিয়েছে।

এতে বলা হয়, টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে ৩০ মার্চ পর্যন্ত জাহাজ চলাচলের অনুমতি থাকলেও ১ এপ্রিল পর্যন্ত কিছু পর্যটক সেন্ট মার্টিনে রাত্রিযাপন করবেন। তাদের আনতে ওই দিন পর্যন্ত জাহাজ চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরপর ২ এপ্রিল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত টানা সাত মাস এই রুটে জাহাজ চলাচল বন্ধ থাকবে।

সেন্ট মার্টিনের পর্যটন এলাকার সব ময়লা-আবর্জনা ফিরতি জাহাজে নিয়ে আসা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি তোফায়েল আহমেদ জানান, পর্যটক আনা-নেওয়ার জন্য টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে ১০টি জাহাজ চলাচল করে। বর্ষা মৌসুম ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকে বলে উপজেলা প্রশাসন ওই সময়ে জাহাজ চলাচল বন্ধ রাখে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬