Logo

ওএমএস সেবা দিবে স্মার্ট শেয়ার

স্মার্ট শেয়ার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বিনিয়োগকারীদের আধুনিক সেবার মান আরও একধাপ বাড়িয়ে দেওয়ার লক্ষে ওএমএস সেবা চালু করেছে নতুন ট্রেক অনুমোদন পাওয়া ব্রোকার স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমস (ওএমএস) চালু করতে কোয়ান্ট ফিনটেকের সাথে চুক্তি করেছে।নতুন ট্রেক অনুমোদন পাওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্মার্ট শেয়ারই প্রথম ওএমএস সেবা চালু করেছে।

বুধবার (০৯ মার্চ) চট্টগ্রামের আগ্রাবাদের কেএম টাওয়ারে অবস্থিত স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেড এবং কোয়ান্ট ফিনটেক লিমিটেডের মধ্যে এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সাক্ষর করেন স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ বাবু এবং কোয়ান্ট ফিনটেকের পরিচালক মোঃ আহসান উল্লাহ রাজু।

চুক্তির শর্ত অনুসারে, স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকদের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধার্থে কিউ-ট্রেডার্ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম প্রদান করবে। এরফলে স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেডে অংশগ্রহণ করতে পারবে।

উল্লেখ্য যে, স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন ট্রেক পাওয়ার মাধ্যমে উভয় স্টক এক্সচেঞ্জের ট্রেক হোল্ডার হয়েছে। অপরদিকে কোয়ান্ট ফিনটেক লিমিটেডের “কিউ-ট্রেডার” বাংলাদেশি উদ্যোক্তাদের তৈরীকৃত বিশ্বমানের প্রথম ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম), যা ইতোমধ্যে ডিএসই থেকে ফিক্স সার্টিফিকেশন পেয়েছে।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেডের হেড অব অপারেশন মামুন আল মাসুদ, ম্যানেজার অপারেশন ফেরদৌস আহমেদ ও স্মার্ট গ্রুপের ম্যানেজার আইটি কফিল উদ্দিন মাহমুদ এবং কোয়ান্ট ফিনটেকের পরিচালক মোঃ জাবেদ হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬