Logo

২১ দিনে বিনিয়োগকারীদের ২৮ হাজার কোটি টাকা গায়েব

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ মার্চ, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

গেলো তিন সপ্তাহে শেয়ারবাজার থেকে ২৮ হাজার কোটি টাকার মূলধন হারিয়েছে বিনিয়োগকারীরা। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় পড়েছেন হাজার হাজার বিনিয়োগকারী। প্রতিদিনই লেনদেন কমতে থাকায় শেয়ারবাজারে বিনিয়োগকারীদেও অংশগ্রহণ কমে গেছে।

একইসঙ্গে সবকটি মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ কমেছে দেশের শেয়ারবাজারে। গেল সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৩৮ হাজার ৪২৭ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৫ লাখ ৫০ হাজার ৩৫৫ কোটি টাকা। অর্থাৎ গেল সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ১১ হাজার ৯২৮ কোটি টাকা। আগের দুই সপ্তাহে বাজার মূলধন কমে ১৬ হাজার ৩৯৭ কোটি টাকা। এতে তিন সপ্তাহের টানা পতনে ডিএসইর বাজার মূলধন কমলো ২৮ হাজার ৩২৫ কোটি টাকা।

বাজার মূলধন কমার পাশাপাশি গেল সপ্তাহে ডিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৩১৯টির। আর ১২টির দাম অপরিবর্তিত রয়েছে।

গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৪২.৯২ পয়েন্ট। আগের সপ্তাহে সূচকটি কমে ১৫১.৯২ পয়েন্ট। তার আগের সপ্তাহে কমে ৯৪.৫৯ পয়েন্ট।

গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৭৪৯ কোটি ১৬ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৯৯৬ কোটি ৯৭ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ২৪৭ কোটি ৮১ লাখ টাকা বা ২৪.৮৬ শতাংশ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬