দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজারে সূচক বাড়লেও লেনদেনে ভাটা পড়েছে । এদিকে গেলো দুই দিনের পতনের ধকল কাটিয়ে সোমবার উত্থানে ফিরেছে শেয়ারবাজার। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৭০০ কোটি টাকা। ডিএসই সুত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়া গেলো ২ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন দেখল শেয়ারবাজারে বিনিয়োগকারীরা। এর আগে গেলো ২৯ ডিসেম্বর ডিএসইতে ৭৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
শেয়ারবাজার বিশ্লেষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৩৯ পয়েন্টে।
অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৮২ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩১৪টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৫১ পয়েন্টে।
আজ সিএসইতে হাত বদল হওয়া ৩০৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২০৪টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর। এদিন সিএসইতে ২৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।