Logo

নতুন সিইসি হলেন কাজী হাবিবুল আউয়াল

নতুন সিইসি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

কাজী হাবিবুল আউয়ালকে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন সিইসিকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শনিবার এ তথ্য জানানো হয়। সর্বশেষ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন সিইসির দায়িত্ব পাওয়া কাজী হাবিবুল আউয়াল ।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বঙ্গভবনে গিয়ে সিইসি এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য যোগ্য ১০ জনের নাম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দেন সার্চ কমিটির সদস্যরা।

গত ২৭ জানুয়ারি নির্বাচন কমিশন গঠনে প্রথমবারের মতো আইন প্রণয়ন করে সরকার। এরই ধারাবাহিকতায় ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতির দায়িত্ব দিয়ে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি। এরপর সার্চ কমিটির প্রথম বৈঠকে নিবন্ধিত রাজনৈতিক দল ও সুধীজনের কাছ থেকে নাম আহ্বানের সিদ্ধান্ত হয়। একইসঙ্গে বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক আহ্বান করে সার্চ কমিটি। সরাসরি ও ইমেইলের মাধ্যমে সার্চ কমিটির কাছে প্রায় পাঁচশজনের নাম জমা পড়ে।

উল্লেখ্য, কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন সর্বশেষ বিদায়ী ইসির মেয়াদ গত ১৪ ফেব্রুয়ারি শেষ হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬