Logo

সাত কলেজের অনার্স ও মাস্টার্স ফাইনাল পরীক্ষা নির্ধারিত সময়ে

সাত কলেজে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের চলমান পরীক্ষা শেষ করা হবে। একই সঙ্গে পিছিয়ে পড়া পরীক্ষাগুলোর তারিখ নির্ধারণ করা হবে। ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ – এই সাতটি কলেজ ১৬ ফেব্রুয়ারি ২০১৭ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়।

রবিবার (২৩ জানুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ কর্তৃপক্ষের অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এবিষয়ে সাত কলেজের শিক্ষা কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার গণমাধ্যমকে বলেন, চলমান ডিগ্রি ২য় বর্ষ, মাস্টার্স প্রথম পর্ব ও বিভিন্ন বর্ষের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো চলবে।

তিনি আরও বলেন, এছাড়াও অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্স ফাইনাল পরীক্ষাও পরিস্থিতি খারাপ না হলে পূর্বনির্ধারিত সম্ভাব্য সময় অনুযায়ী নিতে পারবো। উল্লেখ্য, চলমান পরীক্ষা হঠাৎ করেই স্থগিতের প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের ডিগ্রির শিক্ষার্থীরা।

এসময় তারা বলেন, নানান দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষা দিতে সম্মত হলেও এখন আবার স্থগিত করেছে। প্রায় দেড় ঘণ্টা তারা রাস্তা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে শিক্ষকদের প্রতিনিধি দল এসে সমস্যা সমাধানে আশ্বাস দেয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬