শেয়ারবাজারে স্মল ক্যাপিটাল প্লাটফর্মে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া মামুন এগ্রো প্রডাক্টস লিমিটেডের ইলেকট্রনিক সাবস্ক্রিপশন আজ সকাল ১০টায় শুরু হচ্ছে। কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য কোম্পানিটির সাবস্ক্রিপশন চলবে ২৭ জানুয়ারি বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
যোগ্য বিনিয়োগকারীদের সাবস্ক্রিপশনে অংশ নেওয়ার ক্ষেত্রে তালিকাভুক্ত সিকিউরিটিজে ন্যূনতম ১ কোটি টাকার বিনিয়োগ থাকতে হবে। যোগ্য বিনিয়োগকারীদের সাবস্ক্রিপশনের পুরো অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিশোধ করতে হবে।
২০২১ সালের ৩১ মার্চ সমাপ্ত নয় মাসের আর্থিক বিবরণী অনুসারে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৯৮ পয়সা। পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ২৫ পয়সা।
কোম্পানিটি এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী তিন বছর কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। যেসব নিবাসী ও অনিবাসী ব্যক্তি শ্রেণী বিনিয়োগকারীর বাজারমূল্যে ১ কোটি টাকা বা এর বেশি তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ রয়েছে তারাই কোয়ালিফায়েড ইনভেস্টর হিসেবে বিবেচিত হবে।
এর আগে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র ৭৯৭তম কমিশন সভায় মামুন এগ্রো প্রডাক্টসের কিউআইও অনুমোদন দেয়া হয়। এসএমই খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এটি অনুমোদন করা হয়। এর মাধ্যমে কোম্পানিটি ১০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।
এজন্য ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি সাধারণ শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যু করবে কোম্পানিটি। উত্তোলিত অর্থে কোম্পানিটি ভবন নির্মাণ, চলতি মূলধন ও ইস্যু ব্যবস্থাপনা খাতে খরচ করবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও উত্তরা ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।