Logo

নোটিশ ছাড়াই পরীক্ষা স্থগিত, ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

সাত কলেজ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ডিগ্রির শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় অবরোধ করেছেন। কোনো ধরণের নোটিশ ছাড়াই চলমান পরীক্ষা হঠাৎ স্থগিত করার প্রতিবাদে শনিবার সকাল ৯টায় সড়ক অবরোধ করেন পরীক্ষা দিতে কেন্দ্রে আসা শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে তারা জানতে পারেন, পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজই তাদের শেষ পরীক্ষা ছিল। তাদের অভিযোগ, ‘২০১৮ সালে দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ২০২২ সালে শেষ হচ্ছে। গেলো ২১ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে আজ শেষ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।’

এ বিষয়ে ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ও সেভেন কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. আবদুল কুদ্দুস সিকদার বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন মৌখিকভাবে পরীক্ষা বন্ধ করা হয়েছে, কোনো প্রকার নোটিশ দেওয়া হয়নি। এমন আচরণ আমরাও প্রত্যাশা করি না। বিষয়টি নিয়ে সাত কলেজের সমন্বয়কের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬