Logo

নভেম্বরে বেড়েছে পণ্য রফতানি

পণ্য রফতানি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

গত নভেম্বরে ৪০৪ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। এই আয় ২০২০ সালের নভেম্বরের চেয়ে ৩১ দশমিক ২৫ শতাংশ বেশি। আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি)  হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে ইপিবির তথ্য বলছে, চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বরে) ১ হাজার ৯৭৯ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে, যা দেশীয় মুদ্রায় ১ লাখ ৬৮ হাজার ২১৫ কোটি টাকার সমান।

চলতি বছরের প্রথম পাঁচ মাসে যে পণ্য রফতানি হয়েছে, তা ২০২০-২১ অর্থবছরের একই সময়ের চেয়ে ২৪ দশমিক ২৯ শতাংশ বেশি।

বিদায়ী ২০২০-২১ অর্থবছরে রফতানি হয়েছিল ৩ হাজার ৮৭৬ কোটি ডলারের পণ্য। বাণিজ্য মন্ত্রণালয় চলতি অর্থবছরের পণ্য আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৪ হাজার ৩৫০ কোটি ডলার।

ইপিবির তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে পণ্য রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৭৪৭ কোটি ডলার। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ১৩ দশমিক ২৭ শতাংশ রফতানি বেশি হয়েছে।

ইপিবির তথ্য বিশ্লেষন করে দেখা যায় , চলতি বছরের প্রথম পাঁচ মাসে তৈরি পোশাক ছাড়াও কৃষি প্রক্রিয়াজাত, চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত খাদ্য, হোম টেক্সটাইল, প্রকৌশল পণ্য ও হস্তশিল্প রফতানি বেড়েছে। তবে পাট ও পাটজাত পণ্যের রফতানি আয় কমেছে সাড়ে ১৭ শতাংশ।

ইপিবির তথ্যানুযায়ী, ১ হাজার ৯৭৯ কোটি ডলারের মধ্যে ১ হাজার ৫৮৫ কোটি ডলার রফতানি আয় তৈরি পোশাক খাত থেকে এসেছে। এই আয় গত বছরের চেয়ে ২২ দশমিক ৯৭ শতাংশ বেশি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬