Logo

পুঁজিবাজারের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

এক্সপোজার লিমিট
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশের পুঁজিবাজারের উন্নয়নে সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর মধ্যকার বৈঠকে এ আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষে উপস্থিত ছিলেন কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন একজন ডেপুটি গভর্নর।

পরে গণমাধ্যমে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ বলেন, পুঁজিবাজারের বর্তমান অবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে আজকে আমাদের একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। আমরা পুঁজিবাজারের বর্তমান অবস্থা তাঁদের সামনে তুলে ধরেছি। আমাদের বিষয়গুলো তাঁরা অত্যন্ত গুরুত্বের সাথে শুনেছেন এবং এসব বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে প্রয়োজনীয় সকল সহযোগীতা তাঁরা করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে খুবই আন্তরিক। কিন্তু তাদের সঙ্গে আমাদের যোগাযোগের অভাবে শূন্যতা এবং ভুল বোঝাবুঝি তৈরী হয়েছে। যা আজকের সভার মাধ্যমে সমাধান হয়েছে। ভবিষ্যতে এ জাতীয় সমস্যা যেনো সৃষ্টি না হয়, সেলক্ষ্যে আগামিতে নিয়মিত বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ হবে।

বৈঠকে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা বলেন, পুঁজিবাজার এবং দেশের অর্থনীতির উন্নয়নে বিএসইসির সঙ্গে একসাথে কাজ করবে বাংলাদেশ ব্যাংক। বিএসইসির পক্ষ থেকে আজকের বৈঠকে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেসব বিষয়ে যেগুলো সংশোধন করা প্রয়োজন বলে আমরা মনে করছি সেগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করে পুঁজিবাজারের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক কাজ করবে বলে তিনি জানান।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬